ইরানের সেনাবাহিনী আইআরজিসি’র ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেছেন, শিগগিরই এমন পরিস্থিতি আসবে যখন সাগর ছাড়া পালানোর আর কোনও পথ থাকবে না। তাই ভূমধ্যসাগরে সাঁতার শিখুন।
শুক্রবার ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে একথা বলেছেন হোসেইন সালামি।
আইআরজিসি'র ভারপ্রাপ্ত প্রধান বলেন, ভূমধ্যসাগরে সাঁতার শিখুন। কারণ, খুব শিগগিরই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যখন সাগর ছাড়া পালানোর আর কোনও পথ থাকবে না।
মার্কিন নীতির সমালোচনা করে সালামি বলেন, একের পর এক ব্যর্থতা থেকে যুক্তরাষ্ট্র শিক্ষা নিচ্ছে না। যুক্তরাষ্ট্র যদি অন্যায় নীতি অব্যাহত রাখে তাহলে দেশটিকে আরও বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হতে হবে। গত ৪০ বছর ধরে ইরান কোনও সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথানত করেনি। বরং বড় বড় বিজয় অর্জন করেছে।
মুসলিম বিশ্বে ইরানের প্রভাব প্রসঙ্গে সালামি বলেন, মুসলিম বিশ্বে ইরানের যে প্রভাব তা আধ্যাত্মিক ও মানুষের বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। সিরিয়ায় ইরানের উপস্থিতি সামরিক উপদেষ্টা পর্যায়ের বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সৌদি আরবের প্রতি অবমাননাকর বক্তব্যের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, এই অবমাননা নিজ দেশের নিরাপত্তার দায়িত্ব বিদেশিদের হাতে অর্পণ করার পুরস্কার।
মঙ্গলবার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবকে সতর্ক করে ট্রাম্প বলেছিলেন, মার্কিন সেনাবাহিনী পৃষ্ঠপোষকতা না দিলে সৌদি সরকার দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবে না।
ট্রাম্পের এই বক্তব্যের প্রেক্ষিতে সৌদি আরব কোনও প্রতিক্রিয়া না জানালেও দেশটির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইটারে লিখেছেন, আমরা আরেকবার আমাদের প্রতিবেশীদের প্রতি হাত বাড়িয়ে দিচ্ছি, আসুন একটি শক্তিশালী অঞ্চল গড়ে তুলে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির এ ধরনের অবমাননাকর আচরণের অবসান ঘটাই। সূত্র: পার্স টুডে।








