ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভরত এক প্রতিবাদকারীর একটি ছবি অনলাইনে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। টুইটার ব্যবহারকারীরা ছবিটিকে রুশ বিপ্লবের বিখ্যাত ছবি 'লিবার্টি লিডিং দ্য পিপল'র সঙ্গে তুলনা করছেন।
ছবিটি গত সপ্তাহে গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের বিক্ষোভের সময় তোলা হয়েছে। আল জাজিরা জানায়, ছবিটিতে যে বিক্ষোভকারী রয়েছেন তার নাম আবেদ আবু আমরো (২০)।
ছবিটি তুলেছেন ফটো সাংবাদিক মুস্তফা হাসোনা। সোমবার গাজায় বিক্ষোভের সময় এটা তোলা হয়। ছবিতে দেখা যায়, এক হাতে ফিলিস্তিনি পতাকা ধরা খালি গায়ের এক যুবক অন্য হাত দিয়ে পাথর ছুড়ছে।
সোমবারের বিক্ষোভে ফিলিস্তিনিরা টায়ার পোড়ায় ও ইসরায়েলি সেনাদের প্রতি পাথর ছুড়ে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে অন্তত ৩২ ফিলিস্তিনি আহত হয়েছেন।
এই বিক্ষোভকারী এক সাক্ষাৎকারে বলেছেন, আমার ছবিটি অনলাইন ভাইরাল হওয়াতে অবাক হয়েছি। প্রতি সপ্তাহেই আমি বিক্ষোভে অংশ নেই। আমি জানতাম না আমাকে কাছাকাছি কোনও আলোকচিত্রী রয়েছেন।
আবু আমরো বলেন, যে পতাকা হাতে আমাকে দেখা যাচ্ছে সেটা নিয়ে প্রতিটি বিক্ষোভে আমি হাজির হই। বন্ধুরা এটা নিয়ে হাসাহাসি করে। তারা বলে, পতাকা হাতে নিয়ে পাথর ছোড়া কঠিন। কিন্তু এতে আমি অভ্যস্ত হয়ে গেছি।
মঙ্গলবার লন্ডনের এসওএস ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য রাজনীতির এক অধ্যাপক লালেহ খালিলি ছবিটি টুইটারে শেয়ার করেন। শুধু তার পোস্টটিই ৩০ হাজারের বেশি বার রিটুইট হয়েছে এবং লাইক পড়েছে আশি হাজারের বেশিবার। এছাড়া ছবিটি রেডিটেও কয়েক হাজার আপভোট পেয়েছে।
প্রশংসার পাশাপাশি ছবিটি সমালোচিতও হচ্ছে। অনেকেই এটাকে ডেভিড বনা গোলিয়াথের প্রতীকী চিত্র হিসেবে দেখছেন। কিন্তু অনেকেই বলছেন সহিংসতাকে মহিমান্বিত করতে এটাকে সৌন্দর্য্য মন্ডিত ছবি বলে মনে করছেন।








