বাহরাইনের লেখক আব্দুল্লাহ আল-জুনায়েদ মন্তব্য করেছেন, ফিলিস্তিনিদের উচিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’ গঠন না করে রাজনৈতিক দল গঠন করা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে ‘রাজনৈতিক বাস্তবতা’ মেনে নেওয়া। তিনি আরও বলেছেন, ইসরায়েলকে স্বীকৃতি দিতে বাহরাইনের কারও অনুমতির প্রয়োজন নেই। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা মিডিল ইস্ট মনিটর লিখেছে, সংশ্লিষ্ট লেখকের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বাহারাইনে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মন্তব্য করেছেন, এসব বক্তব্য দেশটির জনগণের অবস্থানকে প্রতিফলিত করে না।
সিরিয়ায় কয়েক ডজন ইরানি অবস্থানের ওপর হামলা চালানোর পর বাহরাইন সম্প্রতি ইসরায়েলে ‘ আত্মরক্ষার অধিকারকে’ স্বীকৃতি দিয়েছে। বাহরাইনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েল বলেছে, সিদ্ধান্তটি ‘ঐতিহাসিক।’
গত বছর ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছিল, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা ইসরায়েলকে বয়কটের বিষয়ে আরব দেশগুলোর সমালোচনা করেছিলেন। তিনি একই সঙ্গে তার দেশের নাগরিকদের ইসরায়েলে যাওয়ার বিষয়টি অবাধ করারও ঘোষণা দিয়েছিলেন। গত ডিসেম্বরে দেশটি ২০ জন বাহরাইনির সমন্বয়ে গঠিত একটি পর্যবেক্ষক দলকে পাঠিয়েছিল জেরুজালেমে।








