ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির পররাষ্ট্রনীতিবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্ঠা আলি আকবর বেলায়াতি বলেছেন, ফ্রান্সকে বিশ্বাস করে না তেহরান। কারণ ২০১৫ সালের পারমাণবিক চুক্তির প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি দেশটি। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।
২০১৫ সালে ইরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে। এই ছয় দেশের মধ্যে রয়েছে ফ্রান্স। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই সমঝোতা থেকে নিজেদের প্রত্যাহার করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ পরিস্থিতিতেই ইরান ধাপে ধাপে প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন স্থগিত রাখার প্রক্রিয়া শুরু করেছে। এই সপ্তাহে সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস প্রবেশ করানোর মধ্যদিয়ে দেশটি এই প্রক্রিয়ার চতুর্থ ধাপে শুরু করে। পারমাণবিক চুক্তি থেকে সরে না যেতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইরানকে ১৫ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪কে দেওয়া এক সাক্ষাৎকারে বেলায়াতি বলেছেন, প্রধান সমস্যা হলো ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলো পারমাণবিক চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করেনি। ফলে আমরা ফরাসি সরকার তাদের প্রতিশ্রুতি রাখবে বলে আমরা বিশ্বাস করি না।
ফোরদু পারমাণবিক কেন্দ্রে সহস্রাধিক সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস প্রবেশ করানোর ফলে পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ আরও শঙ্কার মধ্যে পড়ল। ইউরোপীয় শক্তিরা চুক্তিটি বাস্তবায়ন অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছে।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র অ্যাগনেস বলেন, ইরানের এই ঘোষণা ভিয়েনা সমঝোতাবিরোধী।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ডমিনিকি রাব ব্রিটেনের জাতীয় নিরাপত্তায় হুমকি হিসেবে তেহরানের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন।








