ইরানের বিশেষায়িত বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানিকে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার বাহিনীটির প্রধান জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহতের পর এই নিয়োগ দেওয়া হলো। ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস এ খবর জানিয়েছে।
আয়াতুল্লাহ খামেনির নিয়োগপত্রে বলা হয়েছে, আইআরজিসি’র শীর্ষস্থানীয় কমান্ডারদের একজন হচ্ছেন ইসমাইল কায়ানি। তিনি ইরাকের চাপিয়ে দেওয়া প্রতিরোধ যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বহু বছর ধরে কুদস ফোর্সে জেনারেল সোলাইমানির পাশে থেকে গোটা অঞ্চলে সেবা দিয়েছেন।
কুদস ফোর্সের অভিযান ও কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলেও উল্লেখ করেছেন খামেনি।
১৯৯৭ সাল থেকে কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল কায়ানি।
নিহত সুলাইমানি ইরানের সর্বোচ্চ নেতার খুব ঘনিষ্ঠ ছিলেন। আইআরজিসি ও কুদস বাহিনী সরাসরি খামেনির নির্দেশে পরিচালিত হয়। অনেকেই মনে করতেন, ইরানের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশটির প্রেসিডেন্টের চেয়েও বেশি প্রভাবশালী ছিলেন এই জেনারেল।
এর আগে এক শোক বার্তায় জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকারীদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন খামেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে গতরাতে জেনারেল সোলায়মানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।’
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছিলেন, বিশ্বের কুচক্রী ও শয়তানি শক্তিগুলোর বিরুদ্ধে বহু বছর ধরে একনিষ্ঠ ও বীরোচিত যুদ্ধ চালিয়ে গেছেন জেনারেল সোলাইমানি। এই আন্দোলনের নিবেদিতপ্রাণ প্রতিটি কর্মী তার শাহাদাতের বদলা নিতে প্রস্তুত রয়েছে।








