সংযুক্ত আরব আমিরাতকে ইসরায়েলগামী ফ্লাইট পরিচালনার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে বাহরাইন। এর ফলে দেশটির আকাশসীমা দিয়ে আমিরাত-ইসরায়েল ফ্লাইট চলাচল করতে পারবে। বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়ার কথা জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
বাইরাইনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আমিরাতের অনুরোধে এই অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গত মাসে আমিরাতের চুক্তি স্বাক্ষরের পর এই অনুমোদন দেওয়া হলো।
বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আরব আমিরাত থেকে পরিচালিত সব দেশের ফ্লাইট চলাচলের জন্য বাহরাইনের আকাশসীমা ব্যবহার করতে পারবে। এই সিদ্ধান্তের ফলে আমিরাতের সঙ্গে ইসরায়েলের ফ্লাইটের কয়েক ঘণ্টা সময় কমে যাবে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ও একটি ব্রিটিশ নৌঘাঁটি রয়েছে। দেশটিতে একটি ঐতিহাসিক ইহুদি সম্প্রদায়ের বসবাস রয়েছে। দেশটি ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে।
গত মাসে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, আমিরাতের পর ওমান ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে।








