আসন্ন নতুন বছরে ইরাকের সরকারি বাহিনী সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-কে চূড়ান্তভাবে পরাজিত করবে বলে প্রত্যয় জানালেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সোমবার রামাদি থেকে ইরাকের সেনাবাহিনী আইএসকে হটাতে সক্ষম হওয়ার পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে ২০১৬ সালে ইরাক থেকে আইএসকে একেবারে বিতাড়িত করার অঙ্গীকার করেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ইরাকি বাহিনী রামাদির পুনর্দখল নেওয়ার পর টেলিভিশনে ভাষণ দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তিনি বলেন, ‘২০১৬ সাল হবে বড় ও চূড়ান্ত বিজয়ের বছর। আমরা মসুলকে স্বাধীন করার জন্য আসছি। আর এটাই হবে আইএসের বিরুদ্ধে বড় ও চূড়ান্ত অভিযান।’
ইরাক ও সিরিয়ায় আইএস ঘোষিত খিলাফত এলাকার মধ্যে মসুল শহরটি সবচেয়ে বড়।
এর আগে সোমবার আইএসের কাছ থেকে বাগদাদের পশ্চিমাঞ্চলীয় শহর রামাদির পুনর্দখল নেওয়ার পর সেখানকার প্রধান সরকারি প্রাঙ্গনে জাতীয় পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করে ইরাকের সেনাবাহিনী। ইরাকের সেনা মুখপাত্র জানান, 'ওই সরকারি ভবনটি পুরোপুরি ইরাকের দখলে রয়েছে এবং আইএসের কোনও চিহ্ন কোথাও দেখা যাচ্ছে না।'
সেনা মুখপাত্র আরও জানান, যদিও রামাদি এখন পুরোপুরি ইরাকের অধিকারে, তবে বিচ্ছিন্নভাবে আইএসের পক্ষ থেকে প্রতিরোধের সম্ভাবনাও রয়েছে।
প্রায় সপ্তাহখানেক যাবত ওই নগরী আইএস দখলমুক্ত করতে চেষ্টা করে আসছিল ইরাকি সেনাবাহিনী। বাগদাদ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত সুন্নি নগরী রামাদি গত মে মাসে আইএসের দখলে চলে যায়। সূত্র: আল জাজিরা, বিবিসি।
/এফইউ/








