ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান সোমবার (২১ ডিসেম্বর) পাবে কাতার। টুইটারে শনিবার এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুলআজিজ আল থানি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
শনিবার কাতারে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪২ জন। এতে করে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েঁছে ১ লাখ ৪১ হাজার ৮৫৮ জনে। কাতারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪৩ জনের। মোট আক্রান্তের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৫২১ জন সুস্থ হয়েছেন।
শনিবার কাতারের প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, আমিরের নির্দেশে করোনা ভ্যাকসিনের প্রথম চালান পরশু (সোমবার) এসে পৌঁছাবে। আমাদের স্বাস্থ্যমান অনুসারে সবাইকে ভ্যাকসিন দেওয়ার জন্য আমি স্বাস্থ্য খাতকে নির্দেশ দিয়েছি।
তিনি আরও লিখেছেন, মহামারি নিয়ন্ত্রণে আনা এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তবে করোনার ভ্যাকসিন প্রয়োগ কবে শুরু হবে তা এখনও স্পষ্ট নয় বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আব্দুল ওয়াহাব আল-মুসলেহ জানিয়েছিলেন, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন প্রথম ধাপে পাবেন বয়স্ক এবং দীর্ঘমেয়াদি অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিরা।








