ভূমধ্যসাগরে ইরানি কন্টেইনারবাহী জাহাজে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে তেহরান। শনিবার ইরানি সংবাদমাধ্যম এই হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যদের বরাতে এখবর জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
ভূমধ্যসাগরে ইরানের একটি কন্টেইনার জাহাজের ওপর হামলা চালানো হয়েছে। ‘শাহরি কর্ড’ নামের ওই জাহাজটিকে লক্ষ্যবস্তু বানিয়ে করে শুক্রবার বিস্ফোরক ছোড়া হয় বলে দাবি করেছেন সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কোম্পানির মুখপাত্র। এ ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে খুব দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন জাহাজটির ক্রুরা।
হামলায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি শাহরি কর্ডের। কোনও ক্রু আহতও হননি। তবে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে শাহরি কর্ডের নির্মাণকারী ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাহাজ প্রস্তুতকারী কোম্পানি।
কোম্পানির মুখপাত্র আলি গিয়াসিয়ান ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমকে বলেন, ‘এ ধরনের হামলা জলদস্যুতার সমতুল্য এবং বাণিজ্যিক জাহাজের চলাচল ও নিরাপত্তা সম্পর্কিত যে আন্তর্জাতিক আইন রয়েছে, তার স্পষ্ট লঙ্ঘন। সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এই বিষয়ে অভিযোগ জানাব আমরা।’
শুক্রবার ইসরায়েলি কর্মকর্তারা বুধবারের ঘটনায় তারা জড়িত কিনা জানতে চাইলে কোনও মন্তব্য করেননি।
সমুদ্র নিরাপত্তাবিষয়ক দুটি সূত্র জানায়, প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, জাহাজটিকে আন্তর্জাতিকভাবে অজ্ঞাত সূত্র দ্বারা লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
ইরানি তদন্ত দলের অজ্ঞাত সদস্য বলেন, ভূগৌলিক অবস্থান ও জাহাজটি যেভাবে আক্রান্ত হয়েছে তা বিবেচনায় নিলে হামলাটি জায়নবাদী শাসকদের (ইসরায়েল) দ্বারা সন্ত্রাসী অভিযান।
শনিবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, জাহাজটিতে নাশকতামূলক হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।









