ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির অফিসিয়াল পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের নীতিমালা লঙ্ঘনের দায়ে শনিবার পেজটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এর আগেও একাধিক বার সাময়িকভাবে পেজটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এবার স্থায়ীভাবেই এটি বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
সর্বশেষ গত জানুয়ারিতে ৪০ লাখেরও বেশি ফলোয়ার থাকা পেজটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে অবশ্য প্রেস টিভির পক্ষ থেকে আবেদনের পর এটি খুলে দেওয়া হয়। তবে এবার ফেসবুক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, এবার আর আবেদন করলেও তা গ্রহণ করা হবে না। অর্থাৎ, পেজটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পেজও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, কোভিড-১৯–সংক্রান্ত নীতিমালা ভঙ্গের দায়ে পেজটি বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, মাদুরোর পেজ থেকে করোনার প্রতিষেধক নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছিল। এটি ফেসবুকের নীতিমালার বিরোধী। দফায় দফায় নীতিমালা ভঙ্গের দায়ে এক মাসের জন্য পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে এতে কিছু পোস্ট করা যাবে না। তবে আগের পোস্টগুলো দেখা যাবে। সূত্র: রয়টার্স, আল জাজিরা।









