ফাঁস হওয়া টেপ নিয়ে বিপাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২১, ১১:১২আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১১:১২

ফাঁস হয়ে যাওয়া একটি অডিও টেপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। সেখানে তাকে বলতে শোনা গেছে যে, ইরানের পররাষ্ট্র নীতির ওপর প্রভাব বিস্তার করে দেশটির প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী। রাশিয়ার নির্দেশে এই বাহিনীই তেহরানকে সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়েছে। এই টেপ নিয়ে এখন চলছে তুমুল হৈচৈ। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বক্তব্য ব্যাপক বিস্ময় তৈরি করেছে, অনেককে হতভম্ব করেছে এবং এ নিয়ে তৈরি হয়েছে শোরগোল।

তার এই বক্তব্য থেকে যেটা প্রকাশ পেয়েছে, সেটা বহুদিন থেকেই ইরানের অনেক মানুষ সন্দেহ করছিলেন। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, এই মন্তব্য এসেছে খোদ জারিফের মুখ থেকে, যিনি একজন অভিজ্ঞ কূটনীতিক। সাধারণত খুবই সতর্কতার সঙ্গে তিনি কথা বলেন এবং রাজনীতিতে তিনি একজন মধ্যপন্থী হিসেবে বিবেচিত।

এই টেপ কে ফাঁস করেছে তা স্পষ্ট নয়। তবে এটা ঘটেছে যখন ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি চলছে এবং অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই একটা নতুন মাত্রা নিয়েছে।

জারিফ বলেছেন, তিনি প্রেসিডেন্ট হাসান রুহানির উত্তরসূরী হওয়ার লড়াইয়ে নামছেন না। কিন্তু কট্টরপন্থীরা তাকে বিশ্বাস করেন না এবং তার প্রতিদ্বন্দ্বিতা করার সব রকম পথ তারা বন্ধ করে দিতে চান।

যেটা স্পষ্ট সেটা হলো, ফাঁস হওয়া এই টেপ চরম বিপাকে ফেলবে ইরানের এই শীর্ষ কূটনীতিককে, বিশেষ করে কট্টরপন্থীদের এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র সঙ্গে তার সম্পর্ক বড় ধরনের হুমকির মুখে পড়বে।

দেশটির সব রকম সরকারি কর্মকাণ্ডে শেষ কথা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনিই দেশটির সবচেয়ে ক্ষমতাশালী ফোর্স বিপ্লবী গার্ড বাহিনীকে নিয়ন্ত্রণ করেন।

একটি সংবাদপত্র এটাকে ইতোমধ্যে একটা ‘কেলেঙ্কারি’ হিসেবে বর্ণনা করেছে।

কী আছে টেপ-এ

তিন ঘণ্টার এই অডিও টেপটি বিবিসি এবং বিদেশে অন্যান্য সংবাদমাধ্যমের হাতে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে সাত ঘণ্টা লম্বা একটি ভিডিও সাক্ষাৎকার থেকে এই অডিও নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট রুহানির ক্ষমতার দুই মেয়াদকালের মৌখিক ইতিহাস ধরে রাখার একটি প্রকল্পের অংশ হিসেবে দুই মাসেরও বেশি সময় আগে ওই ভিডিও সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছিল।

টেপটিতে জারিফকে দুই বার বলতে শোনা যায় যে, তার মন্তব্য বহু বছর পর্যন্ত কেউ শুনতে পাবে না বা কেউ তা ছাপাবেও না। তাকে বারবার অভিযোগ করতে শোনা যায় যে, বিপ্লবী গার্ড বাহিনী ইরানের পররাষ্ট্র নীতিকে ওই এলাকার রণাঙ্গনে তাদের প্রয়োজনীয়তার একটা অংশ করে তুলেছে।

তিনি বিশেষ করে উল্লেখ করেন বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের সাবেক অধিনায়ক কাসেম সোলাইমানি কীভাবে প্রায়ই তার সঙ্গে দেখা করে বলতেন কী করতে হবে। গত বছর জানুয়ারি মাসে ইরাকে আমেরিকান ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলেইমানি।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জারিফের বৈঠকের সময় সোলাইমানি চাইতেন তিনি একটা বিশেষ অবস্থান নিন। এই জেনারেল সোলাইমানি কার্যত ইরানকে সিরিয়ার গৃহযুদ্ধে টেনে নিয়ে গেছেন বলেও মন্তব্য করেন জারিফ। কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেয়েছিলেন, সিরিয়া সরকারকে সমর্থন করে রাশিয়া যে বিমান হামলা চালাবে তাতে সহায়তার জন্য ইরানি বাহিনী যেন স্থলযুদ্ধে অংশ নেয়।

সোলাইমানি ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের বিমান ব্যবহার করেছেন সামরিক কাজে বড় ধরনের ঝুঁকি নিয়ে। এতে রাষ্ট্রের সম্মানহানি হতে পারে সেটা জেনেও তিনি এমন কাজ করেছেন। বেসামরিক বিমানে বন্দুক ও সামরিক আগ্নেয়াস্ত্র বহন করা হয়েছে এবং সেনা পরিবহন করা হয়েছে।

রাশিয়ার সমালোচনা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ আরও বলেছেন, রাশিয়াসহ বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ইরান যাতে রাজি না হয়, তার জন্য যা যা করা সম্ভব তার সব চেষ্টাই করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কো কখনও চায়নি যে, পশ্চিমের সঙ্গে ইরানের একটা সমঝোতা হোক।

তার এই মন্তব্য বিস্ময়কর। কারণ সাধারণভাবে ধারণা করা হয় যে ল্যাভরভের সঙ্গে জারিফের একটা ভালো সম্পর্ক রয়েছে এবং রাশিয়া ইরানের খুবই ঘনিষ্ঠ মিত্র। এই টেপ ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে এমন একটা সময়ে যখন ভিয়েনায় পরমাণু চুক্তি পুনরুদ্ধারের এক পরোক্ষ আলোচনা চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের পর এবং এর জবাবে ইরান চুক্তির শর্ত ভঙ্গ শুরুর ফলে ২০১৫ সালের চুক্তিটি ভেঙে পড়ার মুখে পড়েছিল।

জারিফ বলছেন, বিপ্লবী গার্ড বাহিনী কখনও এই চুক্তি চায়নি এবং এটা আটকানোর জন্য তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিল। ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়েও কথা বলেন জারিফ। তিনি বলেন, বিপ্লবী গার্ড বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রের গায়ে হিব্রু ভাষায় লিখে দিয়েছিল, ‘ইসরায়েলের নাম দুনিয়া থেকে মুছে ফেলা হোক।’ এছাড়া ২০১৬ সালের গোড়ার দিকে পারস্য উপসাগরে দুই টহল নৌকায় ১০ মার্কিন নাবিককে আটক রাখা নিয়েও কথা বলেন জারিফ। এই দুই ঘটনা পরমাণু সমঝোতা আটকে দেওয়ার চেষ্টার উদাহরণ ছিল বলে জানান জাভেদ জারিফ।

বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, বিপ্লবী গার্ড বাহিনী বহুবার তাকে পাশ কাটিয়ে কাজ করেছে। তিনি ২০২০ সালের ৮ জানুয়ারি সকালের দিকের একটি ঘটনার উল্লেখ করেছেন যখন কাসেম সোলাইমানির মৃত্যুর বদলা নিতে ইরাকি একটি সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। ওই ঘাঁটিতে মার্কিন বাহিনীর সদস্য এবং এক ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। ওই হামলা চালানোর দুই ঘণ্টা পর তিনি এই খবরটি জানতে পারেন।

সেদিনই আরও পরের দিকে বিপ্লবী গার্ড বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট যখন আপাতদৃষ্টিতে ভুলক্রমে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করে, তখন অধিনায়করা তাকে শুধু বলেছিলেন ইরানের সংশ্লিষ্টতার কথাটা তিনি যেন অস্বীকার করেন। ওই যাত্রীবাহী বিমানটি সবেমাত্র তেহরান থেকে উড্ডয়ন করেছিল এবং বিমানের ১৭৬ যাত্রীর প্রত্যেকেই এতে নিহত হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, অডিও টেপে জারিফের এসব মন্তব্য প্রসঙ্গ ও ঘটনাক্রম ছাড়াই ব্যাখ্যা করা হয়েছে। পুরো সাক্ষাৎকারটি প্রকাশ করা হবে।

ওই মুখপাত্র বলেন, সাক্ষাৎকারের রেকর্ডিং তাদের কাছে নেই এবং সেটির নিরাপত্তা বিধান মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে না। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম