ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন লেবাননের শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সংস্থা আল-মানার জানিয়েছে, প্রতিরোধ সংগ্রামের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও গভীরতর করার ওপর জোর দিয়েছেন। এ সময় তাদের মধ্যে সাম্প্রতিক সোর্ড অব কুদস অভিযান এবং গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন নিয়েও কথা হয়।
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চূড়ান্ত বিজয় অর্জনের উপায় নিয়ে কথা বলেন দুই নেতা।
গত রবিবার হামাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে লেবানন সফরে যান ইসমাইল হানিয়া। সফরে তিনি দেশটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সঙ্গেও বৈঠকে মিলিত হন তিনি।
আউনের সঙ্গে বৈঠকের পর ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনের রাজনৈতিক ও সামরিক পটপরিবর্তন নিয়ে কথা হয়েছে। সোর্ড অব কুদস অভিযানের কৌশলগত ফলাফল নিয়েও আলোচনা হয়েছে। প্রতিরোধ সংগ্রাম যে ফিলিস্তিনিদের মুক্তির কৌশলগত পন্থা সে কথাও বৈঠকে তুলে ধরা হয়েছে। সূত্র: পার্স টুডে।









