সমুদ্রসীমায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হওয়া দশ নাবিককে মুক্তি দিয়েছে তেহরান। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের তরফ থেকে ক্ষমা চাওয়ার পরই তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে ইরানের রেভ্যুলিউশনারি গার্ড। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, পারস্য সাগরে প্রশিক্ষণের সময় মঙ্গলবার দুইটি নৌ যান বিকল হয়ে যাওয়ার তাদের গ্রেফতার করে ইরান।
রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র অনুপ্রেবেশের কারণে ক্ষমা চাওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়। তদন্তে দেখা গেছে, নৌকাগুলো ‘দুর্ভাগ্যবশত’ ইরানের জলসীমায় প্রবেশ করে।
গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সঙ্গে কথা বলেন।
এর আগে ইরানের রেভ্যুলিউশনারি গার্ডের নৌ বাহিনী প্রধান জেনারেল আলি ফাদাভি জানিয়েছিলেন শিগগির গ্রেফতারকৃতদের ছেড়ে দেওয়া হবে। তিনি দাবি করেন,গ্রেফতারকৃতরা ‘অপেশাদার’ আচরণ করেছেন।
দুই মন্ত্রীর আলাপের সূত্র ধরে জেনারেল ফাদাভি বলেন,‘তারা (গ্রেফতারকৃতরা) আমাদের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করেছে। এটা তাদের করা ঠিক হয়নি। যুক্তরাষ্ট্রের তাই ক্ষমা চাওয়া উচিত। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জারিফের দৃঢ় অবস্থান ছিল।’
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃত নাবিকদের মধ্যে নয় জন পুরুষ ও এক জন নারী ছিলেন।
এর আগে ২০০৭ সালে ইরান ১৫ জন ব্রিটিশ নাবিক ও নৌ সেনাকে সমুদ্রসীমায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছিল। তাদের ১৩ দিন আটক রাখা হয়েছিল।
/এএ/বিএ/








