ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে ইসরায়েলে করোনার পঞ্চম ঢেউ শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এক টেলিভিশন ভাষণে এ তথ্য জানিয়েছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
এক টেলিভিশন ভাষণে নাফতালি বেনেট বলেন, ‘তিন সপ্তাহ আগে আমি ইসরায়েলের নাগরিকদের সতর্ক করে দিয়েছিলাম যে, একটি নতুন ঢেউ আসছে, ওমিক্রন ঢেউ। একদিন পর করোনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ডাকা হয়েছে। আমরা বিশ্বের প্রথম দেশ হিসেবে বিদেশি নাগরিকদের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘আমরা যে সময় নিয়েছিলাম তা ফুরিয়ে আসছে। ইতোমধ্যেই দেশে ওমিক্রন রয়েছে, নেসেট (পার্লামেন্ট) থেকে কিন্ডারগার্টেন পর্যন্ত। এটি দ্রুত ছড়িয়ে পড়ছে।’
ইসরায়েলে এ পর্যন্ত ১৩৪ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। টেলিভিশন ভাষণে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, বাসা থেকে কাজ করা এবং শিশুদেরও টিকা দেওয়ার তাগিদ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।









