ইরানের অভিজাত কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে ইসরাইলি বাহিনী জড়িত ছিল। এক সাক্ষাৎকারে এমন স্বীকারোক্তি দিয়েছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল তামির হেইম্যান।
ইসরাইলের গোয়েন্দা ঐতিহ্য ও স্মরণ কেন্দ্র থেকে প্রকাশিত একটি ম্যাগাজিনকে এই সাক্ষাৎকার দেন জেনারেল তামির হেইম্যান। তিনি বলেন, ‘আমার চোখে ইরানিরা যেহেতু প্রধান শত্রু সে কারণে জেনারেল সোলাইমানিকে হত্যা করা ছিল আমাদের জন্য একটি বড় অর্জন।’
হেইম্যানের এই বক্তব্য জেনারেল সোলাইমানি হত্যায় ইসরায়েলের জড়িত থাকার বিষয়ে দেশটির শীর্ষ পর্যায়ের কোনও সামরিক কর্মকর্তার প্রথম স্বীকারোক্তি।
২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জেনারেল সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদী আল-মুহান্দিসকে হত্যা করা হয়।
হামলার পাঁচ দিন পর ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল-আসাদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ইরান। সূত্র: পার্স টুডে।









