ইরানের ২৯০ আসনের পার্লামেন্টের প্রায় পঞ্চাশজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির একজন সিনিয়র আইনপ্রণেতা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে যুক্ত ওয়াইজেসি বার্তা সংস্থাকে এমপি আলিজেরা সালিমি জানান, এই সপ্তাহের পার্লামেন্টের অধিবেশন স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হবে।
গত বছর এপ্রিল মাসে এমপিদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পার্লামেন্ট মূলতবি রাখা হয়। মহামারির শুরুর দিকে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন এমপির মৃত্যু হয়েছে।
গণটিকাদান কর্মসূচির পরও সম্প্রতি ইরানে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ধারণা করা হচ্ছে করোনার তীব্র সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছে। সম্প্রতি গড়ে প্রতিদিন ৩০ হাজারের বেশি নতুন আক্রান্ত শনাক্ত হচ্ছেন।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে শনাক্তের সংখ্যা ছিল ২৩ হাজার ১৩০ জন।
মহামারিতে ৮ কোটি ৫০ লাখ জনগণের দেশ ইরানে ৬৫ লাখ আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫০০ জনের বেশির মানুষের। ৫ কোটির বেশি মানুষ করোনা টিকার দুই ডোজ নিয়েছেন এবং ১ কোটি ৯০ লাখ পেয়েছেন তৃতীয় ডোজ।









