বিরোধপূর্ণ পানিসীমায় যে কোনও ধরনের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ না চালাতে ইসরায়েলকে সতর্ক করেছে লেবানন। ইসরায়েলের হয়ে গ্যাসের খোঁজে যুক্তরাজ্যের একটি জাহাজ উপকূলে পৌঁছানোর পর রবিবার এমন সতর্কবার্তা উচ্চারণ করলো দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এ অঞ্চলের পানিসীমায় গ্যাসের মজুত খুঁজে বের করার ব্যাপারে লেবানন ও ইসরায়েল দুই দেশই আশাবাদী। তবে বিরোধপূর্ণ অঞ্চলটিতে ইসরায়েলের জাহাজ পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ হয় বৈরুত।
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান এনার্জিয়ানের পরিচালিত জাহাজটি পৌঁছানোর পর বিরোধপূর্ণ অঞ্চলটিতে ইসরায়েলের যে কোনও কার্যকলাপ আগ্রাসন হিসেবে বিবেচিত হবে।
ইসরায়েলের দাবি, সমুদ্রের এই অংশটি তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়েছে। এটি কোনও বিরোধপূর্ণ এলাকা নয়। তবে তেল আবিবের এমন দাবির সঙ্গে একমত নয় বৈরুত।
লেবাননের প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট মিশেল আউন এরইমধ্যে বিষয়টি নিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে আলোচনা করেছেন। ইসরায়েলের সঙ্গে বিরোধপূর্ণ সামুদ্রিক এলাকায় জাহাজ প্রবেশের বিষয়টি নিয়ে কথা বলেছেন তারা। সেনাবাহিনী কমান্ডকে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।









