ইরানে বুধবার সকালে একটি যাত্রীবাহী ট্রেন আংশিক লাইনচ্যুত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
প্রতিবেদনে বলা হয়, তেহরান থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে প্রত্যন্ত মরু অঞ্চল তাবাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার এবং রেসকিউ টিমের সদস্যরা।
ট্রেনটিতে ৩৫০ জনের মতো যাত্রী ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার সময় এটির সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।









