ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের নিরাপত্তা বলয় ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তারা সবাই দেশটির শিয়া নেতা মুক্তাদা আল-সদরের অনুসারী। তার প্রতিপক্ষ মোহাম্মদ শিয়া আল-সুদানিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করে বুধবার পার্লামেন্টে তাণ্ডব চালায় ক্ষুব্ধ সমর্থকরা।
বুধবার (২৮ জুলাই) এ ঘটনার সময় পার্লামেন্টের ভেতরে কোনও আইনপ্রণেতা ছিলেন না বলে জানা গেছে। শুধু পার্লামেন্টে নয়, গ্রিন জোনে অবস্থিত কয়েকটি সরকারি এবং কূটনৈতিক মিশনে প্রবেশ করে তারা। আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, বিক্ষোভকারীদের পার্লামেন্টে ভবনে প্রবেশ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া উপায় ছিল না। কিছু বিক্ষোভকারী পার্লামেন্টের ভেতরে ঢুকে চেয়ার-টেবিলে বসে পড়েন। অনেককে টেবিলে শুয়ে থাকতে দেখা যায়।
এই পরিস্থিতি গ্রিন জোন থেকে অবিলম্বে আন্দোলন তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি। বিবৃতিতে সতর্ক করে তিনি বলেন, প্রয়োজনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিদেশি মিশনগুলোর সুরক্ষা, নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে বাধ্য হবে নিরাপত্তা বাহিনী।
ইরাকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে এখন পর্যন্ত নির্বাচিত সরকার গঠন করা সম্ভব হয়নি। গত বছরের অক্টোবরে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজনৈতিক দলগুলো কোনও নেতার বিষয়ে একমত হতে পারেনি। নির্বাচিত প্রধানমন্ত্রী ছাড়াই চলছে ইরাক। আল-সদরের জোটই সবচেয়ে বেশি আসন পেয়েছিল।
সূত্র: আল জাজিরা।









