সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি বোমা বিস্ফোরণে সেনাবাহিনীর অন্তত ১৮ সদস্য নিহত হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। বৃহস্পতিবার সকালের এই বিস্ফোরণে আরও ২০ জন সেনা আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে বোমা বিস্ফোরিত হয়। এই হামলার দায় কোনও পক্ষ স্বীকার করেনি।
দামেস্কের আশেপাশে এমন হামলার ঘটনা বিরল। তবে গত বছর সেনা সদস্যদের বহনকারী দুটি বাসে এমন বিস্ফোরণ ঘটেছিল।
ফেব্রুয়ারিতে এক সেনা নিহত হয় এবং গত অক্টোবরে নিহত হয়েছিল ১৪ জন। চার বছরের মধ্যে অক্টোবরের হামলাটি ছিল ভয়াবহ।
এই হামলার জবাব হিসেবে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গোলাবর্ষণ করেছে সরকার। এসব হামলায় স্কুলগামী চার বছরের এক শিশুও নিহত হয়েছে।
২০১১ সালে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উৎখাতের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ গৃহযুদ্ধে রূপ নেয়। সেই গৃহযুদ্ধ এখনও চলমান রয়েছে দেশটির কিছু এলাকায়। এই সংঘাতে ৫০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। লাখো সিরীয় বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।









