বিশ্বকাপ ফুটবলে কাতারের রাজধানী দোহায় সোমবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ইরান। তবে এবারের বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে নিজ দেশের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির ফুটবলাররা। ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়নের পক্ষ নিয়েছে ফুটবলাররা; ভক্তদের এমন অভিযোগের মধ্যেই সোমবার জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানালেন খেলোয়াড়রা।
দুই মাস আগে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। কট্টর রক্ষণশীল সরকারের পতনের দাবি তোলে আন্দোলনকারীরা। তাদের প্রতি সংহতি জানান দেশটির বহু ক্রীড়াবিদ ও শিল্পীরা। তবে সোমবারের ম্যাচের আগ পর্যন্ত জাতীয় ফুটবল দলের সদস্যরা বিষয়টি নিয়ে পুরোপুরি নীরব ছিলেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া অন্য দলগুলোর মনোযোগ এখন শতভাগ মাঠের কৌশল নির্ধারণে। তবে ইরানি ফুটবলারদের পক্ষে নিজ দেশের রাজনৈতিক অস্থিরতার বিষয়টি এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি।









