জাতিসংঘের মানবাধিকার প্রধান স্টিফেন ও’ব্রায়েন জানিয়েছেন, ইয়েমেনে ‘মানবিক বিপর্যয়’ ঘটছে। দেশটির প্রায় ২১ মিলিয়ন মানুষের বিভিন্ন সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক খবরে একথা জানা গেছে।
রাশিয়ার আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ও’ব্রায়েনের এ ব্রিফিংয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ইয়েমেনে যুদ্ধের ফলে মানবিক সংকটের কথা উঠে এসেছে। পরিষদের কাছে শর্তহীনভাবে ইয়েমেনের সর্বত্র ত্রাণ কার্যক্রম পরিচালনার অনুমতি চাওয়ার আহ্বান জানান।
ও’ব্রায়েন জানান, জাতিসংঘের ত্রাণবাহী জাহাজ সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্যরা ফিরিয়ে দেওয়ায় এবং বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
মানবাধিকার প্রধান জানান, ২০১৫ সালের মার্চ থেকে হুথি বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অর্ধেকই বেসামরিক মানুষ।
জাতিসংঘ কর্মকর্তা জানান, ইয়েমেনের প্রায় ৭৬ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ৩৪ লাখ শিশু স্কুলে যেতে পারছে না।
গত মাসে জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যালোচনা কমিটি জানিয়ে, ইয়েমেনে হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোট উভয়ের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলার বেশ কয়েকটি মানবতাবিরোধী অপরাধ হতে পারে। সূত্র: আল-জাজিরা।
/এএ/








