সুইডেনে কোরআন পুড়িয়ে বিক্ষোভের প্রতিবাদে দেশটিতে রাষ্ট্রদূত পাঠানো থেকে বিরত থাকবে ইরান। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান রবিবার (২ জুলাই) এমন কথা বলেছেন। তবে কতদিনের জন্য ইরান এমন পদক্ষেপ নিয়েছে, তা উল্লেখ করেননি তিনি।
আব্দুল্লাহিয়ান বলেন, ‘প্রশাসনিক প্রক্রিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ হয়ে গেছে। কিন্তু সুইডিশ সরকার পবিত্র কোরআন অবমাননার অনুমোদন দেওয়ার কারণে নিয়োগকৃত রাষ্ট্রদূতকে দেশটিতে পাঠাবে না ইরান।’ টুইটারে এক পোস্টে এমন কথা বলেছেন তিনি।
সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে ঈদুল আযহার দিন কোরআন পুড়িয়েছে বিক্ষোভকারীরা। এ ঘটনার ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে মুসলিম ও আরব দেশগুলোতে।
এদিকে কোরআন বিরোধী এমন বিক্ষোভের আবেদন বাতিল করেছিল সুইডিশ পুলিশ, কিন্তু এতে মত প্রকাশের স্বাধীনতা বাঁধাগ্রস্ত হবে বলে পুলিশের সিদ্ধান্ত বাতিল করেছে সুইডিশ আদালত। সূত্র: রয়টার্স








