সীমান্তে অবৈধ বসতির কাছে একজন ফিলিস্তিনের ছোড়া এলোপাতাড়ি গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা গুলিতে ওই ফিলিস্তিনিও নিহত হন। এই সপ্তাহে পশ্চিম তীরের ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্পে দুই দিনের সামরিক অভিযান শেষ না হতেই হামলার ঘটনা ঘটলো।
বৃহস্পতিবার হামলার প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, হামলাটি হয়েছে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে। হামলাকারী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়।
এর আগে, পশ্চিম তীরের কেদুমিম বসতির কাছে তার গাড়িটি পরীক্ষা করার জন্য থামানো হয়। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরে তাকে দমন করা হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
নিহতের পরিচয় শনাক্ত করেছে ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফা। তার নাম– আহমদ ইয়াসিন হিলাল গীথান। বাসা পশ্চিম তীরে।
জেনিন ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর দুই দিনের তাণ্ডবের জবাবে বৃহস্পতিবার এই হামলা হয়েছে বলে দায় স্বীকার করেছে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনকামী গোষ্ঠী হামাস। বিবৃতিতে জানিয়েছে, আমাদের একজন সদস্য ঘটনাটি ঘটিয়েছে। শত্রুরা জানে, জেনিনে আমাদের জনগণের ওপর হামলার কারণে প্রতিশোধ বেড়েছে।
গত মঙ্গল ও বুধবার জেনিন ভয়াবহ সামরিক অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ক্যাম্পের অধিকাংশ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়। ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সূত্র: আল জাজিরা








