সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানপন্থি মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র গুদামে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রবিবার এ খবর জানিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানাও এ দাবি করেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাজধানীর পূর্বে একটি পাহাড়ি এলাকায় ‘ইরানপন্থি মিলিশিয়াদের গুদাম’ থেকে দামেস্ক অঞ্চলের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন।
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘এটি বিমান হামলা নাকি স্থল অভিযানের কারণে তা আমরা জানি না।’
সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রতিবেশী ইসরাইল সিরিয়ার ভূখণ্ডে শতাধিক বিমান হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ ঘাঁটির পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানগুলো ছিল তেল আবিবের লক্ষ্য।
সিরিয়ার সরকারকে টার্গেট
দামেস্কের কাছে গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় চার সিরিয়ান সেনা এবং দুই ইরান-সমর্থিত যোদ্ধা নিহত হয়েছেন। অবজারভেটরি সে সময় বলেছিল, যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার রাজধানীতে এটি ইসরায়েলের সর্বশেষ বিমান হামলা।
ব্রিটিশ সংস্থাটি জানায়, সিরিয়ার সরকারী বাহিনীর পাশপাশি তেহরান সমর্থিত সশস্ত্র সংগঠনগুলোর ব্যবহৃত সামরিক অবস্থান এবং অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের দাবিতে ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এই সুযোগে সিরিয়ার বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহীরা। এক পর্যায়ে তাদের সঙ্গে যুক্ত হয় উগ্রবাদী সংগঠন আইএস।
পরে ইরানের পাশাপাশি রাশিয়ার সমর্থনে হারানো অঞ্চলের বেশিরভাগ অংশ ফিরে পায় আসাদ সরকার। তবে তার আগেই এই গৃহযুদ্ধে ৫ লাখেরও বেশি মানুষ নিহত এবং লাখ লাখ বাস্তুচ্যুত হয়।
সূত্র: রয়টার্স









