ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি দাবি করেছেন, চলমান সংঘাতে হামাসের শতাধিক যোদ্ধাকে হত্যা করেছে তারা। এ ছাড়াও ইসরায়েলে ডজন-খানেকের বেশি ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাকে বন্দি করে করাগারে পাঠানো হয়েছে। রবিবার (০৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
হাগারি তেল আবিবে সাংবাদিকদের বলেছেন, হামাসের নেতাদের টার্গেট করছি আমরা। তাদের দমাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আমাদের সেনাবাহিনী। সেই অনুযায়ী আমরাই জয়ী হবো।
তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী তাদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করছে। প্রয়োজনে তারা আরও ক্ষমতা প্রয়োগ করবে।
শনিবার ভোরে গাজা থেকে ইসরায়েলের সীমান্ত এলাকায় রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। কমপক্ষে ৫ হাজার রকেট ছুড়লে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে অঞ্চলটিতে। এরপরই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজায় যে কোনও সময় স্থল অভিযানে নামতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে।
গাজার স্বাস্থ্য দফতর জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ৩১৩ জন ফিলিস্তিনি প্রাণ হারান। আহত ২ হাজারের বেশি। আর ইসরায়েলে অন্তত ৩০০ জন নিহত হন। হাজারো মানুষ হাসপাতালে ভর্তি। সূত্র: আল জাজিরা








