ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ দ্বিতীয় দিন রবিবারও অব্যাহত ছিল। শনিবার হামাস যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে বেশ কিছু বসতির নিয়ন্ত্রণ নেয়। এই হামলার ঘটনায় গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির মন্ত্রিসভা যুদ্ধ শুরুর জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুমতি দিয়েছে। রবিবার দুই পক্ষে হতাহতের সংখ্যা বেড়েছে। ইসরায়েল বলেছে, হামাসের হামলায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। অপর দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭০ জনে।
হামাস যোদ্ধারা এখনও ইসরায়েলে
শনিবার গাজা থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করা হামাস যোদ্ধাদের বিরুদ্ধে রবিবারও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান ছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের দখল করা ২২টি স্থান সুরক্ষিত করা হয়েছে। তবে এখনও তারা ৮টি স্থান দখল করে রেখেছে। এগুলো মুক্ত করতে সংঘর্ষ চলছে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, রবিবার সকালে গাজার কাছাকাছি ইসরায়েলি বসতিতে গোলাগুলি হয়েছে। অ্যাশকেলন শহরের কাছে ইসরায়েলি সেনারা একটি চুরি করা গাড়িতে থাকা বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দুকধারীকে ধাওয়া করে। পরে একটি প্রধান সড়কে নাটকীয় বন্দুকযুদ্ধে তাদের হত্যা করেছে।
এদিকে গাজা সীমান্তের কাছাকাছি এলাকায় বসবাসরত ইসরায়েলি বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৩৭০: স্বাস্থ্য মন্ত্রণালয়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭০ জনে। রবিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের হালনাগাদ সংখ্যা জানিয়েছে।
মন্ত্রণালয় আরও বলেছে, অবরুদ্ধ উপকূলীয় ছিটমহলে ইসরায়েলের চলমান হামলায় আরও ২ হাজার ২০০ জন আহত হয়েছে।
ইসরায়েলে নিহত ৬০০ ছাড়ালো
ইসরায়েলি সরকারের প্রেস অফিসের একটি ফেসবুক পোস্ট অনুসারে, শনিবার থেকে ৬০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন।
পোস্টে বলা হয়েছে, শতাধিক ব্যক্তিকে অপহরণ ও ২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ৬৫৯ বলে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলে দুই ইউক্রেনীয় নিহত
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইসরায়েল-হামাস সংঘাতে দুই ইউক্রেনীয় নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেছেন, ইসরায়েলে দুই ইউক্রেনীয় নারীর মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি।
তিনি বলেন, উভয় নাগরিক দীর্ঘদিন ধরে ইসরায়েলে বাস করছিলেন। কনস্যুলেট নিহতদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করছে।
ইসরায়েলের স্কুলগুলো ২ দিন বন্ধ থাকবে
ইসরায়েলের শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ বলেছেন, সারা দেশের স্কুলগুলো আগামী দুই দিন সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে। তিনি বলেছেন, বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দুই দিন কোনও ক্লাস ও শিক্ষা কার্যক্রম থাকবে না।
যুদ্ধ শুরুর অনুমোদন দিলো ইসরায়েলের মন্ত্রিসভা
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে যুদ্ধের পরিস্থিতি ঘোষণা করেছে এবং সরকারকে উল্লেখযোগ্য সামরিক কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে।
নেতানিয়াহু বলেছেন, গাজা থেকে একটি সন্ত্রাসী হামলার মাধ্যমে ইসরায়েলের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অপর এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু জার্মানি, ইউক্রেন, ইতালি ও ব্রিটেনের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
যেখানেই যাবেন, মৃত্যু দেখবেন: গাজার চিকিৎসক
গাজা শহরের নিউরো-রিহ্যাবিলিটেশন এবং ব্যথার ওষুধের পরামর্শদাতা ডা. খামিস এলেসি বলেছেন, গাজায় আপনি যেখানেই যাবেন সেখানেই জানাজা দেখতে পাবেন, মৃত্যু দেখতে পাবেন। মনে হবে পৃথিবীতে জীবনের অবসান নিয়ে একটি সিনেমা দেখছেন।
এলেসি বলেছেন, গতকাল থেকে তিনি ঘুমাননি। চোখ বন্ধ করার সুযোগ নেই, বাচ্চারা কাঁদছে এবং চিৎকার করছে। বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই। যেকোনও সময় বোমা আপনার বাড়ির ওপরে পড়তে পারে।
এদিকে, ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে প্রায় ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।
উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ বাড়াবে তুরস্ক: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগ বাড়াবে তুরস্ক। আঞ্চলিক শান্তি অর্জনের একমাত্র উপায় হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। যে রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম।
ফিলিস্তিনের বৈধ প্রতিরক্ষা সমর্থন করে ইরান: রাইসি
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসলামিক জিহাদ মুভমেন্টের সেক্রেটারি জেনারেল জিয়াদ আল-নাখালাহ এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে পৃথক ফোন কলে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ফিলিস্তিন জাতির বৈধ প্রতিরক্ষাকে সমর্থন করে ইরান। ইহুদিবাদী শাসক এবং তার সমর্থকরা এই অঞ্চলে অস্থিতিশীলতার জন্য দায়ী।
বৈরুতে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশ
লেবাননের বৈরুতে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সমর্থনে একটি সমাবেশ হয়েছে। এতে ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা নাড়িয়ে অনেকে অংশ নেন।
শনিবার সকালে ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহ সীমিত কামান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, এই হামলা ছিল ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ।
ইসরায়েলকে নতুন সামরিক সহযোগিতা দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণের সম্ভাব্য প্রচেষ্টায় ব্যাঘাত ঘটানো অবশ্যই হামাসের হামলার অনুপ্রেরণার অংশ হতে পারে।
ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েলে বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হওয়ার খবরও যুক্তরাষ্ট্রের নজরে এসেছে।
সিএনএনকে তিনি বলেছেন, আমরা ইসরায়েলিদের সুনির্দিষ্ট নতুন অনুরোধ পর্যালোচনা করছি। পরে বিস্তারিত জানানো হতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ দিয়েছেন, হামাসের আক্রমণ মোকাবিলায় এই মুহূর্তে ইসরায়েলের যা যা প্রয়োজন তা নিশ্চিত করার জন্য।
সূত্র: বিবিসি, আল জাজিরা।









