সিরিয়া দাবি করেছে, রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় দুই শহরের দুটি বিমানব্ন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার এই হামলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সিরীয় সেনাবাহিনীর একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, একাধিক ক্ষেপণাস্ত্র একই সময়ে দুটি বিমানবন্দরে আঘাত হানে। গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা এই হামলা।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এমন প্রতিবেদনের বিষয়ে তারা মন্তব্য করে না।
আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দরসহ সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট স্থাপনায় অনেক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সূত্রগুলো দাবি করে আসছে, সিরিয়ায় ইরানের সাপ্লাই লাইন ব্যাহত করাই বিমানবন্দরে হামলার লক্ষ্য।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন ও সহযোগিতার মাধ্যমে দেশটিতে ইরানের উপস্থিতি ও প্রভাব বেড়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহিয়ানের সিরিয়া সফরের একদিন আগে বৃহস্পতিবার সর্বশেষ হামলা চালানো হলো। ইসরায়েলে হামাসের সাম্প্রতিক হামলার পর উচ্ছ্বাস প্রকাশ করেছে তেহরান। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে দেশটি।
এর আগে মঙ্গলবার ইসরায়েলি সেনারা সিরীয় ভূখণ্ডে আর্টিলারি ও মর্টার শেল নিক্ষেপ করেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে ছোড়া রকেট সীমান্তের ওপারে ইসরায়েলি অবস্থানে আঘাতের পর এই গোলাবর্ষণ করা হয়।









