গাজার হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির এখনই সঠিক সময় নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লাগাতার হামলায় মানবিক বিপর্যয়ের মধ্যেই তিনি এ কথা বলেছেন।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হবে কিনা এ নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র। জবাবে কিরবি বলেন, ‘যুদ্ধবিরতির এখনই সঠিক সময়, তা আমরা বিশ্বাস করি না।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। হামাসের নেতাদের খুঁজে বের করতে কাজ করে যেতে হবে।’
তবে গাজায় মানবিক সহায়তা সরবরাহের দিকে মননোনিবেশের কথাও আলাদা এক বিফ্রিং উল্লেখ করেন জন কিরবি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে অন্তত ৫ হাজার রকেট ছুটে হামাস। কাটাতারের বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা। দুই শতাধিক ইসরায়েলিকে তুলে গাজায় নিয়ে যায় হামাস। তাদের হামলায় এক হাজার চারশ’র বেশি ইসরায়েলি নিহত হন। এর জেরে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যা এখনও অব্যাহত। হামলায় ভয়াবহ পরিস্থিতি উপত্যাকাজুড়ে। গত ১৬ দিনে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।









