ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কসহ সব ধরনের যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে। ইসরায়েল বলেছে, এটি গাজায় অবরোধের নতুন মাত্রা। শুক্রবার (২৭ অক্টোবর) মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
দেড় দশকের বেশি সময় ধরে গাজা উপত্যকা অবরোধ করে রেখেছে ইসরায়েল। ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় নতুন করে আগ্রাসন শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। অবিরাম বোমা বর্ষণের পাশাপাশি সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে তারা। কয়েকটি স্থানে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে।
শুক্রবার ইসরায়েল অভিযান সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লো মানবিক বিপর্যয়ে থাকা ২৩ লাখ ফিলিস্তিনি অধুষ্যিত উপত্যকাটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনি টেলিযোগাযোগ সংস্থা জাওয়াল বলেছে, তাদের মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
গাজার বৃহত্তম টেলিযোগাযোগ প্রদানকারী প্যাল্টেল জানিয়েছে, ইসরায়েলি হামলায় সব ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে গাজার যোগাযোগের সর্বশেষ উপায়ও বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট ও যোগাযোগমাধ্যমগুলো বন্ধ থাকার করণে অ্যাম্বুলেন্স ডাকতে পারছেন না ফিলিস্তিনিরা। ইসরায়েলের হামলার কবলে পড়া ব্যক্তিরা উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তথ্য পাঠাতে পারছেন না সংবাদমাধ্যম কর্মীরা।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, গাজায় আমরা যোগাযোগ করতে পারছি না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের মাঠকর্মীরা।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইন্টারনেট বন্ধ করা মানে হলো, নৃশংসতাকে আড়াল করা।









