লেবাননের দক্ষিণে ইসরায়েলের ছোড়া আরও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে লেবাননের আকাশে উড্ডয়নরত ইসরায়েলি ওই ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে তারা। এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করলো হিজবুল্লাহ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার মধ্যে লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের নিয়মিত সংঘর্ষ হচ্ছে। এর মধ্যে ফের ইসরায়েলি ড্রোন ভূপাতিত হওয়ার খবর সামনে এলো।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ভোর রাতে লেবাননের সীমান্তের দিকে দুটি গ্রামের ওপর উড্ডয়নরত ড্রোনটি গুলি করে। তাদের দাবি, ‘এটি বিধ্বস্ত হয়ে তাৎক্ষণিকভাবে ভূমিতে পড়ে যায়।’
এতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি ওই ড্রোনটি ভূপাতিত করে।
হিজবুল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এতে তাদের ড্রোনটির ‘কোনও ক্ষতিই’ হয়নি বলে দাবি করেছে তারা।
তবে স্বাধীনভাবে কোনও পক্ষের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
এর আগে, গত রবিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল হিজবুল্লাহ। ওই সময় ওই ড্রোনটিকে ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে খিয়ামের কাছে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। পরে সেটিকে ইসরায়েলি ভূখণ্ডে পড়ে থাকতে দেখা গেছে।









