গাজার আল শিফা হাসপাতালকে ইসরায়েল জ্বালানি দেওয়ার প্রস্তাব দিলে তা প্রত্যাখান করেছে সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। বিদ্যুতের অভাবে চিকিৎসা ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার গাজার হাসপাতালে জ্বালানি সরবরাহ করার প্রস্তাব দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
নেতানিয়াহু বলেন, আমরা কেবল আল শিফা হাসপাতালকে জ্বালানির প্রস্তাব দিয়েছিলাম, তারা তা প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, আহত বা বেসামরিক নাগরিকদের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। এজন্য আমরা জ্বালানি দিতে চেয়েছিলাম, কিন্তু হামাস প্রত্যাখ্যান করেছে।
এর আগে এনবিসি নিউজের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন নেতানিয়াহু। গাজার অসুস্থ মানুষ ও শিশুদের জীবনকে বিপন্ন করা কতটা যুক্তিযুক্ত সে সম্পর্কে নেতানিয়াহুর কাছে সেখানে জানতে চাওয়া হয়। এরপরেই জ্বালানি দেওয়ার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।
এদিকে জ্বালানির অভাবে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার ইনকিউবেটরে মৃত্যুর ক্ষণ গুনছে ৩৭ শিশু। এরই মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে শনিবার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজার আল শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বাকি একটা হাসপাতাল বন্ধও হয়ে গেছে।








