গাজা শহরের পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট। শুক্রবার (১৭ নভেম্বর) অবরুদ্ধ গাজায় স্থল অভিযানের নতুন মাত্রার ঘোষণা দিয়েছেন তিনি। তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
দক্ষিণ ইসরায়েলের ৩৬তম ডিভিশন কমান্ড সেন্টারে সেনাদের সঙ্গে কথা বলার সময় ইওভ গ্যালান্ট বলেন, গত ২৪ ঘণ্টার মধ্যে গাজা শহরের পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এখন স্থল অভিযানের পরবর্তী ধাপ শুরু করছে ইসরায়েল।
গ্যালান্ট এ সময় আরও বলেন, আমরা যত বেশি অভিযান চালাবো তত বেশি হামাসের ওপর চাপ সৃষ্টি করতে পারবো। তবেই হামাসের সদর দফতর ও টানেলসহ সব অবকাঠামো ধ্বংস করতে সফল হবো।
৭ অক্টোবর শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ৪২তম দিন। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১১ হাজার ৪৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
অপরদিকে হামাসের হামলায় এক হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। তাছাড়া হামাসের হাতে অন্তত ২২০ জন ইসরায়েলি বন্দি রয়েছেন।









