ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার দামেস্ক বিমানবন্দর অচল হয়ে পড়েছে। রবিবার সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যম ও যুদ্ধ পর্যবেক্ষণকারী এক সংস্থা এ কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
সিরিয়ান অবজারবেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।
দৈনিক আল ওয়াতান পত্রিকার খবরে বলা হয়েছে, বিমান হামলার পর দামেস্ক বিমানবন্দরের ফ্লাইটগুলোকে লাটাকিয়া ও আলেপ্পো বিমানবন্দরে পাঠানো হয়েছে।
সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এগুলো গোলান মালভূমি থেকে ছোড়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দামেস্কের উপকণ্ঠের ফাঁড়ি লক্ষ্য করেও ইসরায়েল হামলা চালিয়েছে। এতে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেনাবাহিনীর বিবৃতিতে সিরিয়ার বৃহত্তম বেসামরিক বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত বলা হয়নি।
আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দরসহ সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট স্থাপনায় অনেক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সূত্রগুলো দাবি করে আসছে, সিরিয়ায় ইরানের সাপ্লাই লাইন ব্যাহত করাই তাদের হামলার লক্ষ্য।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন ও সহযোগিতার মাধ্যমে দেশটিতে ইরানের উপস্থিতি ও প্রভাব বেড়েছে।
৭ অক্টোবরের পর থেকে সিরিয়ায় ইসরায়েল ও মার্কিন সেনারা একাধিকবার ইরান সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে। গত মাসেই দুবার দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল।









