ভারী তুষারপাতের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় জার্মানি অচল হয়ে পড়েছে। শনিবার (০২ ডিসেম্বর) ব্যাভারিয়ান রাজ্যের রাজধানী মিউনিখে বিমান ও রেল চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার দুপুরে ফ্লাইট স্থগিত করার পর মিউনিখ বিমানবন্দর রবিবার সকাল ৬টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। শীতের আবহাওয়ায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায় রেল পরিচালক ডয়েচে বাহন বলেছে, মিউনিখ শহরের প্রধান স্টেশন থেকে রেল চলাচল সম্ভব নয়।
মিউনিখ বিমানবন্দরের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, মোট ৭৬০টি ফ্লাইট তুষারপাতের কবলে পড়েছে। জার্মানির আবহাওয়া পরিষেবা দফতর জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার ৪০ সেন্টিমিটার বা ১৬ ইঞ্চি তুষার পড়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার জন্য সব নাগরিককে ঘরের ভেতরে থাকতে বলেছে কর্তৃপক্ষ।
খবরে জানা গেছে, ভারী তুষারপাতের কারণে বায়ার্ন মিউনিখ বনাম ইউনিয়ন বার্লিনের মধ্যকার শনিবারের ফুটবল চ্যাম্পিয়নশিপ ম্যাচ বাতিল করা হয়েছে। লোয়ার বাভারিয়ার পুলিশ জানিয়েছে, তুষারপাতের ঘটনায় গাড়ি দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, শনিবার বাভারিয়ার দক্ষিণে অলগাউতে আরও ৩০ থেকে ৪০ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনা রয়েছে।









