আল কায়েদার সাবেক প্রধান নিহত ওসামা বিন লাদেন মৃত্যুর আগে জিহাদের জন্য তার উত্তরাধিকারীদের নামে ২৯ মিলিয়ন ডলার দিয়ে গেছেন। ২০১১ সালে মার্কিন হামলায় নিহত হওয়ার আগে এক দলিল সম্পাদনের মাধ্যমে এ সম্পত্তি লাদেন দিয়ে যান। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ওই অভিযানে জব্ধ করা বেশ কিছু নথি প্রকাশ করেছে। তাতে এ তথ্য পাওয়া গেছে। বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।
দলিলে লাদেন তার পরিবারের সদস্যদের উদ্দেশে বলেছেন, আমার কথা মেনে চলো এবং সম্পদ আল্লাহর নামে জিহাদের জন্য ব্যয় করো।
আরেকটি চিঠিতে লাদেন তার বাবাকে অনুরোধ জানিয়েছেন, মৃত্যর পর যেন তিনি তার স্ত্রী ও সন্তানের দেখাশোনা করেন।
চিঠির এই অনুরোধ থেকে জানা যায়, মৃত্যুর শঙ্কা লাদেনের ছিল। চিঠিতে লাদেন আরও লিখেছেন, যদি আমাকে হত্যা করা হয়, তাহলে আমার জন্য প্রচুর দোয়া ও আমার নামে দান করো। কারণ স্থায়ী বাড়িতে পৌঁছাতে আমার প্রচুর সহযোগিতা দরকার পড়বে।
দলিলে লাদেনের সম্পত্তি সুদানে রয়েছে উল্লেখ করা হলেও স্পষ্ট নয় তা নগদ অর্থ না অন্য কোনও আকারে আছে। এছাড়া জানা যায়নি তার উত্তরাধীকারী কেউ এ সম্পদ পেয়েছেন কি না।
১৯৯০ দশকের দিকে সরকারের অতিথি হিসেবে সুদানে পাঁচ বছর ছিলেন লাদেন।
অন্য চিঠিগুলোয় লাদেন পশ্চিমা দেশগুলোর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কাজের নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন স্পেশাল ফোর্সের অভিযানে অবস্থান করা বাড়িতে নিহত হন লাদেন। এরপর থেকে আল-কায়েদার নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সাবেক সেকেন্ড-ইন-কমান্ড আয়মান আল-জাওয়াহিরি। সূত্র: বিবিসি।
/এএ/








