ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কখনও হামাসকে নির্মূল করতে সক্ষম হবে না। চলমান সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের মাধ্যমে কেবল ইসরায়েল জিম্মিদের মুক্ত করতে পারবে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
৭ অক্টোবর হামাসের হামাসের হামলার পর গোষ্ঠীটিকে নির্মূলের অঙ্গীকার করেছে ইসরায়েল এবং এই লক্ষ্যে গাজায় বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে। তাদের হামলায় এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে জেনেভায় জাতিসংঘের এক বৈঠকে আমির আবদুল্লাহিয়ান বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কখনোই হামাসকে নির্মূল করতে সক্ষম হবে না।
এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে ফোনালাপে আমির আবদুল্লাহিয়ান বলেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু যুদ্ধ ও গণহত্যা চালানোর মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেন। ইসরায়েলের চলমান গণহত্যার কারণে গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাকি অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।
গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন অন্তত সাময়িক সময়ের জন্য তা বিচ্ছিন্ন করার জন্য। এর আগে তিনি ইসরায়েলে তেল ও খাদ্য রফতানি বন্ধের আহ্বান জানিয়েছিলেন।









