গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএ) এর হাতে তিন জিম্মিকে ভুলবশত হত্যা করার ঘোষণার পর তেল আবিবের বিক্ষোভে ফেটে পড়েছেন শত শত মানুষ। শনিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
ইসরায়েলি টেলিভিশনের শহরের একটি প্রধান সড়কে শত শত মানুষকে জড়ো হয়ে অবরোধ করতে দেখা গেছে।
প্রতিবাদকারীদের মধ্যে ইলানা জেফ্রেন নামে একজন রয়টার্সকে বলেন,‘আমি বলব, যা কিছু ঘটছে …যা ঘটেছে এবং এখনও যা ঘটছে তার জন্য প্রধানমন্ত্রী বেনিযামিন নেতানিয়াহু দায়ী।’
জেফ্রেন আরও বলেছেন, ‘তার হাতে রক্ত লেগে আছে, অ-নে-ক রক্ত। তার এখনই পদত্যাগ করা উচিত এবং যারা দায়িত্বশীল এবং যত্নশীল…যারা তার মতো নয় বরং এই দেশের কথা ভাবে তাদের ক্ষমতায় আসতে দিন। তারা এই যুদ্ধ বন্ধ করে জিম্মিদের এখনই বাড়ি ফিরিয়ে নিয়ে আসুক।’
আরেক বিক্ষোভকারী গোরি পার্নেস বলেছেন,‘আরও অনেক আগেই একটি চুক্তি করা উচিত ছিল। তাহলে সেই সব নিরীহ মানুষের প্রাণ বাচানো যেত। আমি মনে করি এখানে এখন যা ঘটছে তা একটি বড় ট্র্যাজেডি।’








