মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, গাজায় যুদ্ধের পর ইসরায়েল যদি দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে এগিয়ে না যায়, তাহলে তা আরও অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে এবং সেটির সুযোগ নেবে হামাস। সোমবার (১৮ ডিসেম্বর) ইসরায়েলের রাজধানী তেল আবিবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন সব সময় অটুট থাকবে উল্লেখ করে লয়েড অস্টিন বলেছেন, আমরা জানি গত ৭২ দিনে ইসরায়েলের ইতিহাসে বেদনাময় কয়েকটি দিন ছিল। এই যুদ্ধের শেষে ইসরায়েলি জনগণ ও আপনাদের ফিলিস্তিনি প্রতিবেশীদের জন্য আরও নিরাপত্তাহীনতা, ভয় এবং হতাশা অপেক্ষা করে, তাহলে তা এই ট্র্যাজেডিকে আরও জটিল করে তুলবে।
অস্টিন বলেছেন, ৬ অক্টোবরের আগে পর্যায়ে যেতে ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়কেই চড়া মূল্য দিতে হচ্ছে। গত মাসে আমার বন্ধু পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যে স্পষ্ট নীতি তুলে ধরেছেন সেটির আলোকে আজ আমি গাজায় হামাস নির্মূল পরবর্তী একটি ভবিষ্যৎ পথ নিয়ে আলোচনা করেছি।
তিনি আরও বলেছেন, ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়েরই আশাবাদের সুযোগ থাকা উচিত। তাই যুক্তরাষ্ট্র মনে করে করে উভয়ের স্বার্থে দ্বি-রাষ্ট্র সমাধান হওয়া উচিত। আমরা জানি ৭ অক্টোবরের পর এমনটি অনেক কঠিন। কিন্তু চলমান অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা হামাসের পক্ষে যাবে।
গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধের সময়সীমা সম্পর্কে এক সাংবাদিক জানতে চাইলে তিনি বলেছেন, এটি ইসরায়েলের অভিযান এবং আমি এখানে সময়সীমা বেঁধে দিতে বা শর্ত দিতে আসিনি। ইসরায়েলের নিজেকে রক্ষার অধিকারের প্রতি আমাদের সমর্থন লৌহদৃঢ়।
তিনি বলেছেন, ইসরায়েলের লক্ষ্য ও উদ্দেশ্যের অবস্থা নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তার ‘ভালো’ আলোচনা হয়েছে। লড়াইয়ের স্থানে বেসামরিকদের ক্ষয়ক্ষতি কীভাবে কমানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
পেন্টাগন প্রধান বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারে যুক্তরাষ্ট্র। এসব অভিজ্ঞতায় তুমুল লড়াইয়ের তীব্রতা কীভাবে কমিয়ে আনা যায়, এই বিষয়ে কিছু চিন্তা-ভাবনা রয়েছে।
অস্টিন বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এবং মানবিক সাহায্যের প্রবাহ বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অনুরোধ অব্যাহত রাখবে।
তিনি আরও বলেছেন, ইসরায়েলি নেতাদের সঙ্গে তিনি পশ্চিম তীরকে স্থিতিশীল করতে জরুরি পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থি সেটেলারদের আক্রমণ বন্ধের জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই যুদ্ধে সময় লাগবে এবং শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য অর্জন করবো¬– হামাসকে ধ্বংস ও জিম্মিদের মুক্ত করা।








