ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা চলছেই। এ হামলায় দিন দিন বেড়েই চলেছে নিহতের সংখ্যা। অঞ্চলটির রাফাহ শহরের একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এই খবর জানিয়েছে।
রাফাহ শহরের কুয়েত স্পেশালিটি হাসপাতালের কাছে আবাসিক ভবনে এ হামলা চালিয়েছে ইসরায়েল।
আল-জাজিরার সংবাদদাতা তারেক আবু আজজুম বলেছেন, ‘ইসরায়েলের ওই বিমান হামলায় আবাসিক ভবনটি ধ্বংস হয়ে গেছে। ভবনটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।’
তিনি বলেন, হামলার পরপরই সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ হাজারেরও বেশি নারী ও শিশু।আহত হয়েছেন আরও প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি। সেখানে বাস্তুচ্যুত হয়েছেন মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ।








