লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নৌকায় চালানো মার্কিন হামলায় অন্তত ১০ যোদ্ধা নিহত হয়েছেন। ইয়েমেনের হোদেইদা বন্দরের দুটি সূত্র রবিবারের এই হামলায় নিহতের এই সংখ্যার কথা নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রথম সূত্র বলেছে, হোদেইদা উপকূলে একটি নৌযানকে থামানোর চেষ্টাকালে হুথিদের কয়েকটি ছোট নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় ১০ যোদ্ধা নিহত ও দুজন আহত হয়েছেন।
দ্বিতীয় সূত্র জানিয়েছে, হামলায় বেঁচে যাওয়া চার যোদ্ধা আহত দুজনকে নিয়ে হোদেইদাতে পৌঁছেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
মার্কিন সেনাবাহিনী এর আগে দাবি করেছিল, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি কন্টেইনারে জাহাজে হামলা ও থামানোর চেষ্টা করলে কয়েকটি ছোট নৌকায় হামলা চালায় মার্কিন নৌবাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছিল, সিঙ্গাপুরের পতাকাবাহী, ডেনমার্কের মালিকানা ও পরিচালনাধীন জাহাজ মারস্ক হ্যাংজু সহযোগিতা কামনা করে। গত ২৪ ঘণ্টায় লোহিত সাগরে এটি দ্বিতীয়বার হামলার মুখে পড়ে।
এতে আরও বলা হয়েছে, মার্কিন হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুঁড়ে হুথিরা। মার্কিন সেনারা তখন আত্মরক্ষায় পাল্টা গুলিবর্ষণ করে। এতে জাহাজটির ২০ মিটার কাছাকাছি পৌঁছে যাওয়া হুথিদের চারটির মধ্যে তিনটি ছোট নৌকা ডুবে যায়।
মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুসারে, ১৯ নভেম্বর থেকে আন্তর্জাতিক এই সমুদ্রপথে ২৩ বার বিভিন্ন নৌযানে আক্রমণ করেছে হুথি বিদ্রোহীরা।
হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ড। ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলগামী বা ইসরায়েল সংশ্লিষ্ট নৌযানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। প্রায় প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বাব আল-মান্দাব প্রণালিতে নৌযান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে বড় কয়েকটি জাহাজ কোম্পানি। হুথিদের হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র একটি বহুজাতিক মেরিটাইম নিরাপত্তা উদ্যোগ ঘোষণা করেছে।









