লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর বিষয়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদেরকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আরও দশটি দেশ। যদি হুথিরা নতুন করে হামলা চালায় তবে তার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি জারি করেছে দেশগুলো। সেই সঙ্গে এক যৌথ বিবৃতিতে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে পশ্চিমারা। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
লোহিত সাগরে চলমান হুথি হামলাকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করে পশ্চিমারা বলেছে, ইচ্ছাকৃতভাবে বেসামরিক জাহাজ ও নৌযানকে আক্রমণ করার কোনও বৈধ যুক্তি নেই। তারা সতর্কতা জারি করে বলেছে, যদি হুথিরা জাহাজে হামলা চালিয়ে যায়, তাহলে তার পরিণাম ভোগ করতে হবে।
লোহিত সাগরে জাহাজ হামলা বন্ধে অস্ট্রেলিয়া, বাহরাইন, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র হুথিদেরকে আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে হামাসকে সমর্থন দিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। তারপর থেকে গাজায় ইসরায়েলি আক্রমণ ও পশ্চিমাদের সামরিক সরঞ্জামের সহায়তায় সরবরাহে বাধা দেওয়ার জন্য গত বছর নভেম্বর থেকে ২০ বারের বেশি জাহাজে হামলা করেছে হুথিরা। এই হামলায় ক্ষেপণাস্ত্র, ড্রোন, ফাস্ট বোট ও হেলিকপ্টার ব্যবহার করেছে তারা।
বুধবার সন্ধ্যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বিতর্কে হুথিদের জাহাজ হামলার নিন্দা জানিয়ে তাদেরকে সতর্কতাও করা হয়েছে। তাছাড়া সবকিছু বিবেচনা করে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস লু বলেন, এই হামলা সমুদ্র নিরাপত্তা, আন্তর্জাতিক শিপিং ও বাণিজ্যের জন্য গুরুতর প্রভাব ফেলেছে।









