ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের মিশন বন্ধ করার জন্য একটি কমিটি গঠন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। শুক্রবার (০৫ জানুয়ারি) জোটের মিশন বন্ধের জন্য একটি কমিটি গঠন করার কথা জানিয়েছে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় একজন মিলিশিয়া নেতা নিহত হওয়ার পরদিন সুদানি এই বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের উপস্থিতির বিরোধিতাকারী ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ইরাকে আন্তর্জাতিক জোট বাহিনীর উপস্থিতি স্থায়ীভাবে শেষ করার পরিকল্পনা করেছে সরকার। শুধু তাই না, সেটা বাস্তবায়নের জন্য দ্বিপাক্ষিক কমিটি গঠনের তারিখও নির্ধারণ করছে সুদানির কার্যালয়। এই কমিটিতে সামরিক জোটের প্রতিনিধিরা থাকবেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
এদিকে বাগদাদে মার্কিন হামলার কারণ উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলছে, কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নেওয়ার জন্য বৃহস্পতিবার হামলা করেছে মার্কিন সেনাবাহিনী।
প্রতিবেদন থেকে জানা গেছে, সিরিয়ায় ৯০০ জন এবং ইরাকে দুই হাজার ৫০০ জন মার্কিন সেনা রয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থানের কারণ জানিয়ে তারা বলছে, ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকাতে এবং স্থানীয় বাহিনীকে পরামর্শ দেওয়ার জন্য রয়েছে।








