গাজায় হামাসের প্রধান কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ফিলিস্তিনিরা এখন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
হাগারি জানিয়েছেন, ইসরায়েলি স্থল ও বিমান বাহিনীর গত তিন মাসের অভিযানে উত্তর গাজায় হামাসের মূল কমান্ড সেন্টারের ধ্বংসের পাশাপাশি নিহত হয়েছেন গোষ্ঠীটির প্রায় ৮ হাজার যোদ্ধা। নিহতদের মধ্যে কমান্ডার ও সাধারণ যোদ্ধা রয়েছেন।
গাজায় অভিযানরত ইসরায়েলি সেনারা উত্তর গাজায় অভিযান শেষ করে বর্তমানে উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে অগ্রসর হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন হাগারি।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ২২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের ৭০ শতাংশ নারী ও শিশু। ২৩ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১২০ টিরও বেশি মৃত্যুর রেকর্ড করেছে। অপরদিকে হামাসের হামলায় ১২০০শ’ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার বলেন, হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্ত করা এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, আমাদের সবকিছু একপাশে রেখে দিতে হবে, যতক্ষণ না পুরোপুরি বিজয় অর্জিত হয়।








