দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবির এলাকায় উড়োজাহাজ থেকে জিম্মিদের ছবিসহ লিফলেট ফেলেছে ইসরায়েল। শনিবার (২০ জানুয়ারি) সেই সঙ্গে ৬৯ জন ইসরায়েলি জিম্মির নাম পরিচয় প্রকাশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
লিফলেটে নম্বর দিয়ে ফিলিস্তিনিদের বলা হয়েছে, কোনও জিম্মিকে চিনে থাকলে ইসরায়েলি সেনাবাহিনীকে জানাতে হবে। ইসরায়েল জানিয়েছে, গাজা উপত্যকায় এখনও হামাসের হাতে প্রায় ১৩৬ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন।
৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় প্রায় ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করেছিল হামাস। সংঘর্ষের মাঝখানে সাতদিনের যুদ্ধবিরতির সময় ১২১ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস গোষ্ঠী।
বলা হয়েছে, এখনও ১৩৬ জন জিম্মি হামাসের হাতে রয়েছেন। বাকি ৩৩ জন জিম্মি মারা গেছেন। অপরদিকে যুদ্ধবিরতির সময় ২৪০ জন ফিলিস্তিনি কারা বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।









