অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সমালোচনায় শঙ্কিত কাতার। মধ্যস্থতাকারী কাতারের ভূমিকাকে সমালোচনা করায় নেতানিয়াহুকে তিরস্কার জানিয়েছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারের ভূমিকাকে সমালোচনার পর আক্ষেপ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, যদি এসব মন্তব্য সঠিক হয় তাহলে তা দায়িত্বজ্ঞানহীন ও নিরপরাধ জীবন রক্ষার উদ্যোগের জন্য ধ্বংসাত্মক, কিন্তু আশ্চর্যজনক নয়। তবে নেতানিয়াহুর এই সমালোচনায় কাতার শঙ্কিত।
আল-আনসারি বলেন, তবে নেতানিয়াহুর মন্তব্য সত্য বলে প্রমাণিত হলে গাজায় যুদ্ধবিরতির জন্য বাধা হবেন একমাত্র তিনি। ইসরায়েলি জিম্মিসহ নিরপরাধ জীবন না বাঁচিয়ে রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে ভাবছেন নেতানিয়াহু।
গত সপ্তাহে গাজায় ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে বৈঠকের সময় মধ্যস্থতাকারী কাতারের ভূমিকাকে সমালোচনা করে নেতানিয়াহু বলেন, গাজায় হামাসকে অর্থ দিয়ে সাহায্য করছে কাতার।
প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের সঙ্গে মিসরও কাজ করছে। অবরুদ্ধ গাজায় মানবিক সাহায্য সরবরাহে ভূমিকা পালন করেছে দেশ দুটি। তাদের মধ্যস্থতায় নভেম্বর মাসে সাত দিনের যুদ্ধবিরতি দিয়েছিল ইসরায়েল-হামাস।
সাত দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েলের কারাগার থেকে ২৪০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অপরদিকে ১২১ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস গোষ্ঠী।









