অবরুদ্ধ গাজা উপত্যকার অন্তত ১১ হাজার আহত ফিলিস্তিনির জরুরিভিত্তিতে বিদেশে চিকিৎসা প্রয়োজন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সবশেষ তথ্য অনুযায়ী এ কথা জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি আহতদের অবস্থা খুবই করুণ। আহত অবস্থায় স্থানান্তরিত হওয়ার কারণে তারা আরও বেশি সংক্রমিত হয়ে পড়েছেন। প্রায় সাত লাখ মানুষ সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন।
তাছাড়া গাজায় যুদ্ধবিধ্বস্ত অবস্থায় গর্ভবতী নারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। বাস্তুহারা হওয়ার কারণে নিরাপদ স্যানিটারি পাচ্ছেন না তারা। গাজায় প্রায় ৬০ হাজার গর্ভবতী নারী স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
ফিলিস্তিনের সরকারি কার্যালয় জানিয়েছে, চিকিৎসা সামগ্রীর অভাবে গাজায় ক্রমাগতভাবে অসুস্থ মানুষের সংখ্যা বাড়ছে। গাজায় এখন তিন লাখ ৫০ হাজার ফিলিস্তিনি অসুস্থ। এছাড়াও ১০ হাজার ক্যানসার রোগী চিকিৎসার অভাবে মরছেন।
ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা উল্লেখ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২৮ হাজার ৮৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮ হাজার ৬৬৭ জন। আপরদিকে, হামসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।








