ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী-হামাসকে গাজায় সাময়িক যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি হামাস নেতারা পর্যালোচনা করছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা-রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস পর্যালোচনা করায়, রমজান উপলক্ষে গাজায় সামরিক অভিযান বন্ধে রাজি হয়েছে ইসরায়েল। চলতি বছরের ১০ মার্চ শুরু হয়ে রোজার মাস চলবে ৯ এপ্রিল পর্যন্ত। খসড়া যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রথম পর্যায়ে ৪০ দিন স্থায়ী হবে।
গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠক করেছেন ইসরায়েল,কাতার,মিসর ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সেই বৈঠকেই খসড়া প্রস্তাবটি প্রস্তুত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
৪০ দিনের খসড়া যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে, এই সময়ে উভয় পক্ষই সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ রাখবে। নারী, ১৯ বছরের কম বয়সী শিশু, ৫০ বছর বা তার বেশি বয়সী বৃদ্ধ ও অসুস্থসহ সকল ইসরায়েলি জিম্মিকে ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি দিতে হবে। ১০ বন্দির বিনিময়ে এক জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এভাবে ৪০ জিম্মির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।
গাজার হাসপাতাল এবং বেকারিগুলো মেরামত এবং মানবিক সহায়তার জন্য প্রতিদিন ৫০০ ট্রাক যাতায়াত করতে পারবে। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী ফিলিস্তিনিদের দুই লাখ তাঁবু ও ৬০ হাজার কাফেলা বাস্তুচ্যুতদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
গাজার ধ্বংসস্তূপ অপসারণ করতে ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই মেশিন ও যন্ত্রপাতি ইসরায়েলকে হুমকি দেওয়ার কাজে ব্যবহার না করার অঙ্গীকার করেছে হামাস।
বিধ্বস্ত ফিলিস্তিনি সীমান্তে লড়াই থামাতে এবং ইসরায়েলি ও বিদেশি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে কয়েক সপ্তাহের মধ্যে এবারের খসড়া যুদ্ধবিরতি প্রস্তাবটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।








