অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৭ ফিলিস্তিনি যোদ্ধা হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (৭ মার্চ) এই দাবি করেছে তারা। গাজায় পাঁচ মাসের ইসরায়েলি আগ্রাসনে ৩০ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিস শরণার্থী শিবিরের আল কারারা এলাকার সামরিক প্রাঙ্গণে ফিলিস্তিনি যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে ছয় জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। সেসময় শহরের পশ্চিম দিকে আরেকজন নিহত হয়েছেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্য গাজায় বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় বুধবার ওয়াদি গাজা ব্রিজের কাছে সাত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু তাই না, মধ্য গাজায় অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩০ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ১৯৮ জন। অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।









