অধিকৃত পশ্চিম তীরে শান্তি ও স্থিতিশীলতা নষ্টের অভিযোগে দুই অবৈধ ইসরায়েলি বসতি ও তিন সেটেলারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৪ মার্চ) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় ইসরায়েলি সরকারকে সেটেলারদের সহিংসতার বিরুদ্ধে গুরুত্বারোপ করে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
নিষেধাজ্ঞা আরোপ করা দুই বসতি ও তিন সেটেলারের নাম ও পরিচয় প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বসতি দুটি হলো মোশিস ফার্ম এবং ভিজ ফার্ম। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার ঘোষিত ওই নিষেধাজ্ঞায় মোশিস ফার্মের মালিক ও সেটেলার মোশি সারভিতের নাম রয়েছে। তার বিরুদ্ধে ওই ফার্মের আশেপাশে বসবাসকারী ফিলিস্তিনিদের ‘অপদস্ত করা, হুমকি দেওয়া এবং হামলা’ করার অভিযোগ রয়েছে।
এই তালিকায় এরপরই রয়েছে ভিজ ফার্মের মালিক ও সেটেলার ভি বার ইউসেফ এবং নেরিয়া বিন পাজি এর নাম। তাদের বিরুদ্ধে শত শত একর জমির ভেড়া রাখালদের উচ্ছেদ করার অভিযোগ রয়েছে।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাছে পৌঁছাতে পারেনি রয়টার্স।
অধিকৃত পশ্চিম তীরে বসতিস্থাপনকারী সহিংসতার দায়ে ফেব্রুয়ারিতেও মন্ত্রণালয়টি ৪ ইসরায়েলি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের বর্ববর হামলার নিহত ফিলিস্তিনিদের সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে চলেছে। ফলে এ যুদ্ধে ইসরায়েলিদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করা সত্ত্বেও ইসরায়েল সরকারকে বারবার বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধের আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ করেছে, ইসরায়েলের বসতি স্থাপনকারীদের বিস্তৃতিকে সমর্থন দ্বিরাষ্ট্র সমাধানের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছিল, অধিকৃত পশ্চিম তীরে চরম সহিংসতা এবং শান্তি ও নিরাপত্তার পথে হুমকি সৃষ্টিকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেওয়া অবব্যাহত রাখবে।








